বুধবার, ১১ জুন, ২০১৪

কবিতাঃ যদি মন না চায়

যদি মন না চায় তবে
এসো না আর কোন ক্ষণে
আমারে সংগ দেবার তরে

যদি মন না চায় তবে
মিথ্যে ভালোবাসার অভিনয় করে
তোমার অমূল্য সময় নষ্ট করে

এসো না আর কোন ক্ষণে
আমারে সঙ্গ দেবার তরে।  

কবিতাঃ ‘প্রতীক্ষা আগমনের’



পাশ ফিরে শুয়ে মধ্যরাতে
আচমকার স্পর্শ কাচুলিতে পিঠে,
শুয়ে শুয়ে অনুভব শিহরণ
দূরে থাকা তবু তোমাকে স্মরণ।

তোমার আদরে আন্দলিত হই
লজ্জায় আবনত পাশ ফিরে শুই,
নিঃশ্বাস ভারী হয়ে আসে,
তোমার বাহু-পাশে।

আছ কল্পনায় মিশে,
আছো বাস্তবে;
কবে তুমি আসছো আমার
হতে, সিঁথীর সিঁদূর!

-জাকিয়া জেসমিন যূথী
১৬ মার্চ, ২০১১
ধানমণ্ডি, ঢাকা।

---০---

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

কবিতাঃ ‘পথপ্রদর্শক’


সে শুধু আড়ালে থেকে
আমাকে পরিচালিত করে
কি করতে হবে আমায়
সবকিছু দেয় জানিয়ে।

সে যেন এক টুকরো মেঘ
আমার মাথার উপরে থাকে
রোদের তীব্র ছটা হতে
ছায়ায় ছায়ায় রাখে।

সে আমার বন্ধুর মতো
থাকে পাশে পাশে
আসুক যত বাঁধা বিঘ্ন
রক্ষা আমায় করে।

সে আমার জন্মদাতা নয়
নয় সে আমার ভাই
সে আমার গুরুজন হয়
আমি মানি তাকে তাই।

সে যেন পথ প্রদর্শক
দেয় পথের ঠিকানা
আমার কোথায় যেতে হবে
সবকিছু তার জানা।

২২।০৮।৯৬

কবিতাঃ ইচ্ছে করে


ইচ্ছে করে
দিগন্তের শেষ সীমা ছাড়িয়ে
চলে যাই তোমার সাথে
অনেক দূরে।

ইচ্ছে করে
ভোরের শিশির মাখা
ঘাসের উপর দিয়ে
হেঁটে যাই তোমার সাথে
নিরবে।

ইচ্ছে করে
সুখের তুলি দিয়ে
তোমার হৃদয়ে এঁকে দেই
আমার ভালোবাসা
যা তুমি বোঝ না।

১৯৯৬, রংপুর।


ছড়াঃ ছোট্ট মেয়ে তাজিন

ছড়াঃ
‘ছোট্ট মেয়ে তাজিন’
দুষ্টুমির সেরামনি
ছোট্টমেয়ে তাজিন,
বাবা-মা’র একমাত্র মেয়ে
হয় সে আমার কাজিন।
সকাল ন’টায় ঘুম ভাঙ্গে তার
ঘুমোয় রাত বারোটায়,
দাদা-দাদী, চাচা-ফুপুকে
জড়িয়েছে সে গভীর মায়ায়।
পড়াশুনা তার সবই জানা
যদিও বয়স বছর তিন,
বাবাকে সে বলে কি না
‘স্কুলে ভর্তি করে দিন’!
ঐটুকু মেয়ে আব্বুকে
সম্বোধনে বলে- ‘বাবা’,
হিন্দি ছবির ডায়ালগগুলো
সবই তার জানা।
লাল রঙের ওড়না নিয়ে
শাড়ির মতো জড়ায়,
‘লাল বউ’ বললে সবে
মুখ ঢাকে লজ্জায়।
বাবাকে সে বন্ধু ভাবে
মা’কে পায় ভীষণ ভয়,
পাকা পাকা কথাগুলো
বড় মানুষের মতন কয়।

০৬-০৮-৯৭ ইং

জাকিয়া জেসমিন যূথী 

কবিতাঃ তোমাকে

প্রথম লেখা কবিতাঃ
‘তোমাকে’
জাকিয়া জেসমিন (যূথী)
০৮।০৮।১৯৯৫

তোমাকে কেন এত
ভালো লাগলো
সে প্রশ্নের জবাব আমার
...............জানা নেই।

শুধু জানি,
তুমি আছো, মোর হৃদয়ে
প্রস্ফুটিত লাল টকটকে
............ গোলাপ হয়ে।
যে গোলাপ কখনও
.............যাবে না ঝরে।
(সমাপ্ত)

প্রথম ছড়া


প্রথম লেখা ছড়াঃ  
‘গরীব বনাম ধনী’
জাকিয়া জেসমিন (যূথী)
১৭।০৮।১৯৯৭

বাংলাদেশের রাজধানী
আজব শহর ঢাকা,
তার দেহপথে চলছে
যানবাহনের চাকা।

এই শহরের আশেপাশে
ইটের বিল্ডিং, বাসা;
সব ধনী লোক থাকে সেথায়
ওরাই সিটির রাজা।

হট মিউজিক, ইংলিশ গান
অভ্যেস তাদের শোনা,
হেরোইন আর আফিম তাদের
অধিক প্রিয় খানা।

পায়ের ‘পরে পা তুলে রয়
হয়না ঘুষের মানি গোনা,
ক্ষিধে পেলে চাকরকে বলে
জলদি লাগা খানা।

ধনী লোকের আছে অনেক
ফুরায় না তবু চাওয়া,
অনেক থেকেও অনেক চায় তাই
মিটে না তাদের পাওয়া।

এই শহরের অন্যপাশে
থাকে গরীব মানুষেরা,
তাদের বাড়ি-বস্তিগুলো
ময়লা গন্ধে ভরা।

তাদের চক্ষুগুলি সবই
কুসংস্কারে বোঁজা,
শিক্ষা নামের স্বচ্ছ আলো
তাদের কানে পৌঁছে না।

দিন এনে দিন খেয়ে
হয় তাদের বেঁচে থাকা,
অধিক খেয়েও, অধিক করেও
অহেতুক পায় সাজা।

গরীব লোকে সুখে থাকে
পেয়ে খানিক খানা,
সব দুঃখ যায় মুছে তার
গেয়ে সুখের গানা।


(সমাপ্ত)