শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

“নষ্টালজিয়ায় আচ্ছন্ন সবুজ প্রকৃতি ডাক দিয়ে যায়”


উচ্চ শিক্ষা নিতে দলে দলে সব ভিড় জমাই যান্ত্রিক নগরীতে; বদ্ধ কুটিরে বসে হাঁপাই নিষ্পেষিত নিঃশ্বাসে; একটুকু সবুজের হাতছানিতে বিরান হৃদয় কেঁদে ওঠে! নাগরিক শহুরে সুযোগ সুবিধার ফাঁদে পার হয় বছরের পর বছর!

শুষ্ক নগরীর বিষাক্ত ছায়াপাশ মুক্ত কোন নীলিম সামিয়ানার নিচে পথ চলতে চলতে সবুজ কোন বৃক্ষের ডালপালা পুষ্পের নাগালে, প্রকৃতির প্রেমে আচ্ছন্ন মন অধরা প্রকৃতিকে বশ মানাতে গড়ি বসত! নিজের এক চিলতে বারান্দা বা ঘরের কোনায়; নিজের বন্দীত্বের জালে পুরি কিছু সজীব প্রাণ!

কখনো মৃদুমন্দ ঝড়ো বাতাস স্মৃতির বাগানে ডাক দিয়ে যায়, ‘ফিরে চলো উত্তরবঙ্গের মেঠো পথেকিশোরী হতে তরুণী হয়ে ওঠার কোন এক ক্ষণে মনে উঁকি দেওয়া প্রথম প্রেমিকের বাগানে! কাজী পেয়ারার বনে লুকোচুরি খেলা আরো কত কত স্মৃতির ভেলা আচ্ছন্ন করে দেয় মনকে!

ব্যস্ততার ডাকে বেড়ী পরা অভ্যস্ত শহুরে পায়ে শিল্পী মন আমার এক টুকরো প্রকৃতিকে ক্যানভাসে ধরে প্রবোধ দেই, ‘এই তো নীলাকাশ, নজরে গাঁথা সেই বিশাল সুনীল সবুজ প্রান্তর’! আগা-গোঁড়া সবুজের নেশা আমার মনকে বয়সের রেখায় বাঁধতে দেয় না! চির তরুণ মন আমার অপেক্ষায় থাকে ফিরে যাবো একদিন, প্রথম প্রেমিক ছায়া ঘেরা সবুজ-এর ডেরায়।


----------------------------------------------------- 
জাকিয়া জেসমিন যূথী
২১ জুন, ২০১২ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন