শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

কবিতাঃ "দিন রাত্রীর প্রেম"


-জাকিয়া জেসমিন যূথী

স্বপ্ন সাজিয়ে খুলি ভোরের চাদর,
আধো আধো ঘুম ঘুম আবেশে,
তপ্ত নিঃশ্বাস উঠে নামে,
নরম বালিশের আদরে।

ঘুমের দরজা খুলে নামি আপন সংসারে,
সারাদিন খুঁটিনাটি টুকিটাকি
কাজের ভারে,
বেলা যায় বয়ে
ভোজনবিলাসী ক্ষুধার তাড়নায়
দিনভর চলে রান্নার কুটোনাটা,
ফের তপ্ত উনোনের ছোঁয়াতে।

অলস পায়ে ছুটে আসে মেঘলা বিকেল
উড়ন্ত পবন ডাকে রিকশা যানে
দুটো হাতে ধরাধরি সখি বিহনে,
টুক করে সন্ধ্যার বাতি জ্বলে যায়
রাতের প্রহর হয় শুরু ,
জমে ব্যস্ততা ও বিনোদনে,
কর্মব্যস্ত দিনের সকল কাজের ছুটি,
শখ ও প্রয়োজনীয়তার বিকিকিনি,
সংসার একেই বলে যে যার খুশী।

হারায় আলো, হারায় নেশা
নামে ক্লান্তি অবশেষে,
বুজে আসতে চায় দু'চোখ,
শরীরে ভর দেয় নেশা নেশা নেশা,
আদরে জড়ায় সেই নরম বালিশে আবার;
রাতের স্বপ্ন জড়ায় দু'চোখে,
স্বপ্ন সাজিয়ে খোলে ভোরের আলো,
পুনর্বার, পুনর্বার...বার বার!! 

--------------------------------------------------------------------
-জাকিয়া জেসমিন যূথী
০৩। ১০।২০১৩ ইং
ভুতেরগলি, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন