“স্বপ্নে দেখা, স্বপ্ন বোনা ‘তুই’, এখন আমার”
----জাকিয়া জেসমিন যূথী
...................................................
ত্রিশটি বসন্ত কোকিলের গুঞ্জনে সুর মিলিয়ে তুলেছি সুর...
“বন্ধু একদিন আসবি”, এই কন্ঠসুধায় নিমজ্জিত হতে তুই!
বসন্ত-বৈশাখে শাড়ি জড়িয়ে এই তনু কায়ায় দূরের অজানা তোকে
খুঁজে ফিরেছি হাজারও তরুণের মাঝে, “কবে বল্ আসবি তুই?”
এক রাশ এলো চুলের খোপায় মালা পরাতে, জড়িয়ে আমায় প্রেম ডোরে!
কত রাত একা ঐ দূর নীলিমায় চেয়ে চেয়ে ডেকেছি,
“কোথায় আছিস প্রিয় আমায় ছেড়ে? একটু আয় না এখন, ঠিক এইখানেতে!”
জ্যোৎস্নায় প্লাবিত অন্ধকার ঘরের খোলা জানালায় প্রেমময় শয্যায়
শুয়ে একা আমি কত, জাল বুনেছি তোর-আমার স্বপ্ন-বাসরের!
কত শীতার্ত গভীর বরফ শীতল ঠান্ডায় একা পথে জমে যেতে যেতে ভেবেছি,
“এই মুহুর্তে তোকে যে খুব প্রয়োজন! আয় না রে বোকা, একটু উষ্ণতা ছড়াতে!”
ঝিরিঝিরি বৃষ্টি অথবা তুমুল বর্ষণে, একা আমি এক কোণে ঠায় দাঁড়িয়ে__
স্বপ্ন দেখেছি ‘একদিন ঠিকই আসবে সেই দিন, নতুন এক বর্ষায় তোর পাশাপাশি’
শুষে নেব প্রতি বিন্দু বিন্দু প্রেম, যুগল বন্দী ভালোবাসার অনুভবে।
এক ঝলক বৃষ্টির প্রেমে আজ আমার আজন্ম পিয়াসী কাব্যময়তার উচ্ছ্বাস!
উথলে উথলে উঠে; স্বপ্নে দেখা, স্বপ্ন বোনা সেই কাঙ্ক্ষিত, একজন তুই’ আবির্ভাবে!
১৩ মার্চ ২০১৩ রাত ৮। ৪০ মিনিট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন