শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

কবিতাঃ “পিছু নেয়া সুদর্শন!”



এই কদিন ধরেই দেখছি,
যখনই বারান্দার রেলিং ধরে একটুকু দাঁড়াই
মিটি মিটি হাসিতে সে চোখ টিপ দেয়।
ক্লাসের ফাঁকে জানালায় চোখ পরলে
চেয়ে দেখি সে তাকিয়ে, নির্নিমেষ নয়নে;
মুখ ঘুরিয়ে নিয়ে ক্লাসে মনযোগ দেই,
ভুলে যাই তার কথা কিছুটা সময়!
ফের যখন বের হয়ে আসি বাইরে,
আবার সে পিছু নেয় সবার অলক্ষ্যে;
আমি হেঁটে হেঁটে সিড়ি বেয়ে নিচে নামি,
কিছুটা সময় সে লুকিয়ে পরে পিলারের ফাঁকে!
বন্ধুদের সাথে হেঁটে যেতে যেতে ফিরে তাকাই পেছনে,
অনেকটা দূরত্বে সে ঠিকই পিছু নেয়।
দলহীন আমি একা চেপে বসি রিকশায়,
উঁকি দিয়ে দেখি তবু সে সংগ ছাড়ে না আমার!
রিকশাযান ছুটতে থাকে জোরে, গন্তব্যে,
সেও বাড়িয়ে দেয় তার চলার গতি;
রাজপথ ছেড়ে নানা অলি-গলি পেরিয়ে
আমি পৌঁছে যাই নিজের বসতভিটায়;
অবাক বিস্ময়ে দেখি, এক আকাশ কৃষ্ণ চুলের গোছায়
মুখে ভরা হলুদ-কমলা বুটির ব্রণে পূর্ণিমা চাঁদ,
অবস্থান নেয় এবার আমার খোলা জানালায়!
 ------------------------------------------------
জাকিয়া জেসমিন যূথী 
০৩/০৭/২০১২ 

---০---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন