শনিবার, ৭ মার্চ, ২০১৫

কবিতাঃ “দূরত্ব, আজ ফেরার পথে!”



এখন কেন খোঁজো
দিন রাত উপেক্ষা করে,
কেন ভুলে যাও সময়ের হিসেব,
আজ কি বার সেটাও!
নদীর কুলকুল জলধারার মত
কথার প্রবাহ ছুটতো যার,
মেঘমুক্ত নীলিমে রংধনুর মত
বর্নীল জীবনে খলখল হাসিতেই যার পূর্ণতা;
আষাঢ়ের আগমনের অনেক আগেই
চোখে মুখে নামলো বর্ষার ঢল,
ভর করেছিলো মেঘ সমস্ত অবয়বে;
একটু নির্ভরতা চেয়ে
মেঘ কাটাতে নির্নিমেষ চেয়ে থাকতো যে
একটুকু মনোযোগের আশায়...
তখন কোথায় ছিলে, কোথায় ছিলো তোমার
এই আকুল আপ্রাণ ডাকাডাকি!
পারলে না তো এক মুঠো রোদ হয়ে
দুঃখের নদীটায় চর জাগাতে!   
দুখের সময়েই যদি না পারলে
রাখতে এই হাতে হাত,
এখন খুঁজে কাজ কি!
দূরত্ব আজ তোমার খোঁজার পথে,
মন নেই ফিরে যেতে সেই গন্তব্যে, বহু দূরে! 
-------------------------------------------------- 
জাকিয়া জেসমিন যূথী
১৯ জুন ২০১২

ধানমণ্ডি, ঢাকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন